হোয়াইট হাউসে নিজের ঘনিষ্ঠ তিন নারী সহকারীকে বড় অঙ্কের নগদ অর্থ বড়দিনের উপহার হিসেবে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেককে ৪৫ হাজার ডলার করে উপহার দেওয়ার তথ্য প্রকাশ পেয়েছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প ছাড়াও হোয়াইট হাউসের কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিস ৪৫ হাজার ডলার করে পেয়েছেন।
প্রতিবেদনটি আর্থিক তথ্য প্রকাশের নথির বরাত দিয়ে জানিয়েছে, তিন নারীই এসব অর্থকে ‘ছুটির দিনের নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রায় সব সময়ই তার পাশে দেখা গেছে নাটালি হার্পকে। বিভিন্ন সময় তাকে ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করতে এবং প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করে দিতে দেখা যায়। এ কারণে তাকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামেও অভিহিত করা হয়েছে।
কংগ্রেসে দেওয়া বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্প বছরে প্রায় দেড় লাখ ডলার বেতন পান।
হোয়াইট হাউসের এক মুখপাত্র উপহার দেওয়ার বিষয়টির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো ঘনিষ্ঠ পরিমণ্ডলের ব্যক্তিদের বড়দিনে উপহার দেওয়া। এর মধ্যে কখনো কখনো কর্মী ও সহকারীরাও থাকেন।
মুখপাত্রের দাবি, এসব উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। তাই প্রাসঙ্গিক আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী উপহারগুলো সম্পূর্ণ অনুমোদিত।
সূত্র: এএফপি

