Friday, November 6

আটলান্টিক মহাসাগরের উপকূলীয় দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফোগো দ্বীপের পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাঁও ফিলিপ শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে চালকসহ মোট ৩২ জন আরোহী ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
59 − = 53