Friday, November 6

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার পদ থেকে সরানো দেশটির অস্তিত্ব রক্ষার জন্যই জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় এমপি গিলাদ কারিভ। তিনি অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তা পরিচালনায় নেতানিয়াহু ‘সম্পূর্ণ অযোগ্যতার’ পরিচয় দিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন কারিভ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে কেন্দ্র করে ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

কারিভের অভিযোগ, ৭ অক্টোবরের হামলার পর কয়েক মাস ধরে গাজার আশপাশের কিবুতজ এলাকায় যাওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন নেতানিয়াহু। একইভাবে ওই দিনের ঘটনাগুলো নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্তের বিষয়টিও তিনি এড়িয়ে যাচ্ছেন বলে দাবি করেন এই বিরোধী এমপি।

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু বারবার ইসরাইলের নিরাপত্তার বিষয়টিকে ‘অবহেলা’ করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিচালনায় ‘সম্পূর্ণ অযোগ্যতার’ পরিচয় দিয়েছেন।

কারিভ বলেন, “এমন একজন ব্যক্তিকে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।”

তার মতে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো এখন ইসরাইলি সমাজের ‘অস্তিত্বের জন্য প্রয়োজন’।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে ইসরাইলে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হয়েছে। বিরোধী দলগুলোর পাশাপাশি দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশও এ দাবি জানিয়ে আসছে।

তবে নেতানিয়াহুর সরকার রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সরকারের নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের মাধ্যমে বিষয়টি তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে সরকার।

ইসরাইলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচারও চলছে। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Leave A Reply


Math Captcha
29 − = 28