Friday, November 6

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির সংসদ সদস্য জেনিয়াজেন এসকোবার গার্সিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় তার গাড়ির ভেতর মৃত পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যের লা গ্লোরিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেরাক্রুজের প্রতিনিধি ছিলেন ৪২ বছর বয়সী এসকোবার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ অরেলিয়া জিমেনেজ আগুয়েরো জানান, ঘটনাস্থলে প্রসিকিউটর, ফরেনসিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা গিয়ে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক পর্যায়ে তদন্ত চলায় ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ভেরাক্রুজের সরকার জানিয়েছে, দেশটির ফেডারেল অ্যাটর্নি জেনারেল কার্যালয় (এফজিআর) তদন্তটি গ্রহণ করবে। সরকারি কর্মকর্তারা জানান, এসকোবারের গাড়িতে বড় ধরনের বাহ্যিক হামলা বা ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির ভেতর একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোরেনা পার্টির এই এমপির মৃত্যুতে মেক্সিকোর কংগ্রেসে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

মেক্সিকোতে রাজনৈতিক সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রভাব দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসেই দেশটির ১১টি অঙ্গরাজ্যে রাজনৈতিক সহিংসতা ও অপরাধের অন্তত ৩০টি ঘটনা ঘটে, যার মধ্যে ১৪টি ছিল হত্যাকাণ্ড।

এসকোবারের মৃত্যু এমন এক সময়ে ঘটল, যখন মেক্সিকো আগামী বছরের ৬ জুনের নির্বাচনী চক্রের দিকে এগোচ্ছে। এ নির্বাচনে বিভিন্ন স্থানীয় ও রাজ্য পর্যায়ের পদে ভোট হওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 76 = 83