Friday, November 6

পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগটিতে বুগটি গোষ্ঠীর নারী বালোচি লোকশিল্পী মাই সুবহাই বুগতিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বুগটি গোষ্ঠীর প্রথমদিককার নারী লোকশিল্পীদের একজন হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, বুধবার ডেরা বুগটির উপকণ্ঠে মোটরসাইকেলে করে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি মাই সুবহাই বুগতিকে লক্ষ্য করে গুলি চালায়। একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পরে নিহত শিল্পীর মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, ডেরা বুগটিতে কোনো নারী শিল্পীকে লক্ষ্য করে হামলার ঘটনা এটিই প্রথম। তবে কী কারণে মাই সুবহাই বুগতিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, নারী লোকশিল্পী হত্যার ঘটনাটি সব সম্ভাব্য দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সূত্র: দ্য ডন

Leave A Reply


Math Captcha
+ 9 = 16