Friday, November 6

সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২৪ আগস্ট) পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি।

এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই বৈঠকে নতুন করে আন্দোলনের ধরন ও পরবর্তী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার বিষয়টিও রয়েছে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সিজেপি। দলটির দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।

সিজেপি নেতাদের মতে, নতুন করে অসন্তোষের অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। দলটির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।

দলটির ভাষ্য, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।

তবে আদালতের নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।

দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।

সিজেপির দাবি, আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার মতো বিষয়গুলোতে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে দাবি করেছে সংগঠনটি।

আগের আন্দোলন স্থগিত করাকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করে সিজেপি বলেছে, সেই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করার আশ্বাস দিয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে দলটি।

জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি।

Leave A Reply


Math Captcha
1 + 3 =