Friday, November 6

সাবেক গাড়ি বিক্রেতা ক্লেমেন্ট ভ্যানডেনকারখোভকে আইনি প্রক্রিয়ায় নিজের ছেলে ও উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের প্রিন্স লরেন্ট। এর মাধ্যমে পিতৃত্বের আইনি স্বীকৃতি পেয়ে দেশটির রাজপরিবারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ বছর বয়সি ক্লেমেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সঙ্গে প্রিন্স লরেন্টের অতীত সম্পর্কের সূত্রে ক্লেমেন্টের জন্ম হয়। প্রায় ছয় মাস আগে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে লরেন্ট আনুষ্ঠানিকভাবে ক্লেমেন্টকে পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেন। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।

আইনি স্বীকৃতির ফলে ক্লেমেন্ট রাজপরিবারের সদস্য হিসেবে মর্যাদা পেলেও তিনি সরকারি কোনো রাজকীয় ভাতা পাবেন না। একই সঙ্গে বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকার তালিকাতেও তার নাম যুক্ত হবে না। লরেন্টের অপর তিন সন্তান—প্রিন্সেস লুইস, প্রিন্স আইমেরিক ও প্রিন্স নিকোলাসের মতো তিনি রাজপরিবারের আনুষ্ঠানিক কার্যক্রমেও অংশ নেবেন না।

প্রিন্স লরেন্টের বংশীয় পদবি ‘স্যাক্স-কোবার্গ’ গ্রহণ করা নিয়েও দ্বিধায় রয়েছেন ক্লেমেন্ট। বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেট নিউসব্লাড’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পদবি গ্রহণ করা সহজ হলেও মায়ের দেওয়া ‘ভ্যানডেনকারখোভ’ পদবি নিয়ে তিনি গর্বিত। এই পারিবারিক নাম ত্যাগ করা তার মায়ের ত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রিন্সেস ক্লেয়ারকে বিয়ের আগে গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সঙ্গে প্রিন্স লরেন্টের সম্পর্ক ছিল। ২০১৩ সালে একটি শপিংমলে প্রথমবার লরেন্টকে অচেনা অবস্থায় দেখেছিলেন বলে পরবর্তী সময়ে এক প্রামাণ্যচিত্রে জানান ক্লেমেন্ট। ১৬ বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে নিজের বাবার পরিচয় জানতে পারেন।

পরে লরেন্টের সঙ্গে যোগাযোগের পর প্রিন্স নিজেই ডিএনএ পরীক্ষার প্রস্তাব দেন। পরীক্ষার ফলাফলে ক্লেমেন্টের পিতৃত্ব ৯৯ দশমিক ৫ শতাংশ নিশ্চিত হয়।

প্রিন্স লরেন্টের এই স্বীকৃতির ঘটনা বেলজিয়ামের রাজপরিবারের পুরোনো এক বিতর্কও সামনে এনেছে। এর আগে লরেন্টের বাবা ও বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে নিজের কন্যা ডেলফাইন বোয়েলকে স্বীকৃতি দিতে বাধ্য হন। আদালতের রায়ে ডেলফাইন ‘প্রিন্সেস ডেলফাইন দে স্যাক্স-কোবার্গ’ উপাধি পান।

বেলজিয়ামের ২০১৩ সালের আইনি সংশোধন অনুযায়ী বর্তমানে রাজা ফিলিপ, সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট, প্রিন্স লরেন্ট ও প্রিন্সেস অ্যাস্ট্রিড রাষ্ট্রীয় ভাতা পান।

Leave A Reply


Math Captcha
28 − = 20