যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে যোগ দেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
তার এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিত্র কিংবা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান।
এর আগে ইরানের ওপর যেকোনো হামলার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দেশটির সামরিক নীতি আগে মূলত প্রতিরক্ষামূলক হলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।
তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। কোনো আগ্রাসন হলে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে বলে জানান তিনি।

