ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির পৌর পুলিশ সদর দপ্তরে ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
বুধবার আল-শিফা হাসপাতাল জানায়, হামলার পর সেখানে ৯টি মরদেহ নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। গাজার সিভিল ডিফেন্সও নিহতের সংখ্যা ৯ বলে নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় পুলিশ সদর দপ্তরে থাকা হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল। ওই কমান্ডার ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি তাদের।
তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম হামলার নিন্দা করে এটিকে যুদ্ধবিরতির আহ্বানের প্রতি ‘সম্পূর্ণ অবজ্ঞা’ বলে মন্তব্য করেছেন।
এদিকে, পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের গাড়িতে গুলি চালানোর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ইসরাইলি সামরিক বাহিনী ওই গাড়িতে গুলি চালানোর কথা স্বীকার করেছে। স্বাধীন ফরেনসিক তদন্তে গাড়িটিতে ৩৫৫টি গুলি চালানোর প্রমাণ পাওয়া গেছে।

