Thursday, August 20

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী রয়েছেন। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু সাভারের আমিনবাজারের বাসিন্দা।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 12 = 22