Friday, November 6

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে ব্যাপক বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও পারস্য উপসাগরের মিত্র দেশটিকে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন। প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প প্রশাসন নানা উদ্যোগের কথা বললেও এখন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে সংঘাত বন্ধ এবং একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর কথা বারবার বলে আসছেন ট্রাম্প। তবে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধের আগে এই জলপথ দিয়ে যাতায়াত করত। হামলার পর ইরান নৌপথটি কার্যত বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

হরমুজ প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান অবস্থিত। প্রণালিটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইরান জানিয়েছে, হরমুজ ব্যবস্থাপনার বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি (যুদ্ধ বন্ধের) পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।’

এর আগে গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে অনানুষ্ঠানিকভাবে ওমানকে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি ‘সঠিক আচরণ’ না করলে দেশটিকে ‘উড়িয়ে দেওয়া’ হবে বলে সতর্ক করেছিলেন।

এদিকে গত শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার হুমকি দেন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি হরমুজ দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছে।

Leave A Reply


Math Captcha
67 − = 57