ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালু রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে ট্রাম্পকে জানিয়েছেন এরদোগান। দুই পক্ষের আলোচনা আবারও এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইরানের সীমান্তবর্তী দেশ তুরস্ক যুদ্ধ শুরুর পর থেকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র, ইরানসহ পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে আঙ্কারা।
এরদোগান ও ট্রাম্পের ফোনালাপের আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার আলোচনা থমকে যাওয়ায় ইরান ‘পুরোপুরি আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয় বলে জানিয়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাও থমকে রয়েছে। দ্রুত এই নৌপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে তুরস্ক।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সমালোচনা করেছে তুরস্ক। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।
এর আগে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন।

