Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক:
প্রশ্নফাঁস, বেকারত্ব ও শিক্ষাব্যবস্থার নানা অনিয়মকে কেন্দ্র করে ভারতে গড়ে ওঠা শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক ছাত্র বিক্ষোভে রূপ নেয়। টানা প্রায় সাত সপ্তাহের আন্দোলনের প্রভাব দেশটির রাজনীতিতেও পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ নামে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। শুরুতে এটি ছিল মূলত ব্যঙ্গাত্মক ও অনলাইনভিত্তিক একটি উদ্যোগ। তবে সময়ের সঙ্গে প্রশ্নফাঁস, বেকারত্ব, চাকরির সংকট এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশাকে কেন্দ্র করে এর কার্যক্রম বিস্তৃত হয়।

পরবর্তীতে আন্দোলন রাজপথে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে তা বড় ধরনের বিক্ষোভে পরিণত হয়। আন্দোলনের চাপের মুখে সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন বলে আল জাজিরার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বিজেপির শক্ত ঘাঁটিতেও ধাক্কা

আন্দোলনের রাজনৈতিক প্রভাব শুধু একজন মন্ত্রীর পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিভিন্ন নির্বাচনী ফলাফলেও তরুণদের অসন্তোষের প্রতিফলন দেখা যাচ্ছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

বিশেষ করে বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি দীর্ঘ প্রায় তিন দশক ধরে শক্তিশালী অবস্থানে ছিল, সেখানে দলের পরাজয় এবং সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনের ফলাফল শাসকদলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ফলাফল তরুণ ভোটারদের মধ্যে বিজেপি সরকারের প্রতি তৈরি হওয়া অসন্তোষের একটি ইঙ্গিত হতে পারে। বিশেষ করে চাকরি, পরীক্ষা ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের মতো বিষয় তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।

মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাতেও মিশ্র প্রতিক্রিয়া

তরুণদের এই ক্ষোভ প্রশমনের পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইনস্টাগ্রামে সেলফি-ভিডিওসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি।

তবে এসব উদ্যোগ তরুণদের কাছ থেকে সবসময় ইতিবাচক সাড়া পাচ্ছে না। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্ষেত্রেই সমালোচনা ও ব্যঙ্গের মুখে পড়ছে ক্ষমতাসীন দলটির প্রচারণা।

বিশ্লেষকদের মতে, এর অন্যতম কারণ হলো আন্দোলনটির চরিত্র। অতীতে বিজেপিবিরোধী বিভিন্ন আন্দোলনকে ধর্মীয়, রাজনৈতিক কিংবা নির্দিষ্ট আদর্শিক পরিচয়ের সঙ্গে যুক্ত করে মোকাবিলা করার সুযোগ থাকলেও ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন সেই প্রচলিত কাঠামোয় সহজে ফেলা যাচ্ছে না।

জেন-জি আন্দোলন নতুন চ্যালেঞ্জ

রাজনীতি বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সর্বজনীন ও দলনিরপেক্ষ চরিত্র। চাকরি, পরীক্ষার স্বচ্ছতা, প্রশ্নফাঁস ও ভবিষ্যৎ কর্মসংস্থান—এ ধরনের সরাসরি জীবনঘনিষ্ঠ ইস্যুকে সামনে রেখে তরুণদের একটি বড় অংশ আন্দোলনে যুক্ত হয়েছে।

ফলে এটিকে কেবল কোনো রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে চিহ্নিত করে মোকাবিলা করা বিজেপির জন্য কঠিন হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের মত।

তাদের ধারণা, ‘ককরোচ জনতা পার্টি’ হয়তো ভবিষ্যতে সরাসরি কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না। তবে তরুণ সমাজের এই ক্ষোভ ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্যও এটি নতুন সুযোগ তৈরি করতে পারে।

হিন্দুত্বের রাজনীতির পাশাপাশি তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা

বিশ্লেষকদের মতে, বিজেপি তাদের দীর্ঘদিনের হিন্দুত্ববাদী মতাদর্শিক অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা কম। তবে তরুণ প্রজন্মের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে।

বিশেষ করে জেন-জি প্রজন্মের কাছে প্রচলিত রাজনৈতিক ভাষার পরিবর্তে সরাসরি, অনানুষ্ঠানিক ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বিশ্লেষকদের প্রশ্ন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা দিয়ে তরুণদের ক্ষোভ কতটা প্রশমিত করা সম্ভব হবে। কারণ আন্দোলনের মূল দাবিগুলোর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে চাকরি, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা, পরীক্ষায় অনিয়ম ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নিশ্চয়তা।

ফলে ‘ককরোচ জনতা পার্টি’ সরাসরি রাজনৈতিক শক্তিতে পরিণত না হলেও, ভারতের তরুণ ভোটারদের মনোভাব পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আগামী দিনগুলোতে বিজেপিসহ দেশটির রাজনৈতিক দলগুলোকে তরুণদের ইস্যু

Leave A Reply


Math Captcha
9 + 1 =