ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মাধ্যমে গত সপ্তাহে দাম বাড়ার ধারাই অব্যাহত রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ৮২ দশমিক ২৬ ডলারে নেমে আসে।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দাম বাড়ে।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, আগস্টের শুরুর দিকের দরপতন থেকে তেলের দাম প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব আবারও বাড়ছে।
তবে হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বড় আকারে বাড়ার সম্ভাবনা সীমিত বলে মনে করছেন তিনি। বিশেষ করে তেলবাহী ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলে দাম বৃদ্ধির চাপ কম থাকবে বলে জানান সচদেবা।

