কলকাতার অদূরে কেষ্টপুরে গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুমিত্রা দাস। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, নতুন গাড়ি চালানোর অনুশীলনের সময় ব্রেকের পরিবর্তে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর একটি পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুমিত্রা দাস তাঁর ব্যবসায়ী স্বামী কৃষ্ণেন্দু ও একমাত্র মেয়েকে নিয়ে কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকার একটি ল্যাফ্ল্যাটে থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, সম্প্রতি তারা নতুন একটি গাড়ি কিনেছিলেন। সামনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা থাকায় সুমিত্রা নিজেই গাড়ি চালানোর অনুশীলন করছিলেন। বুধবার সকালে মেয়েকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়ে ফেরার পথে তিনি গাড়িটি নিয়ে গ্যারেজে যান। গ্যারেজ থেকে গাড়ি বের করার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা অনিশ পাল জানান, তাঁর চোখের সামনে গাড়িটি পুকুরে পড়ে যেতে দেখে কয়েকজন স্থানীয় দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সুমিত্রাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তারা সফল হননি।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাড়িটি পানি থেকে তোলা সম্ভব হয়। পরে সুমিত্রাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সুজয় দাস জানান, গাড়িটি পানি থেকে তুলে দরজা খোলার পর দেখা যায়, সুমিত্রা পেছনের দরজা দিয়ে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার মাথা ছিল পেছনের সিটের দিকে এবং পা চালকের আসনের দিকে। এতে ধারণা করা হচ্ছে, গাড়ি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করেছিলেন।

