জিম্বাবুয়ের কারিবা হ্রদে একটি সরকারি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ জনের ধারণক্ষমতার ফেরিটিতে দুর্ঘটনার সময় প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১২ জন শিশু ছিল।
জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, নিবন্ধিত টিকিটের তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এ ছাড়া টিকিট কেনার বয়সের নিচে থাকা শিশুরাও ফেরিতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) পরিচালিত ফেরিটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর, বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।

