Friday, November 6

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁ ও নাটোরের ১৫ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে একই গ্রামের চারজন রয়েছেন। এ ছাড়া নাটোরের বাগমারা উপজেলার দুজনও নিহতদের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি প্রবাসী কাজ করতেন বলে জানা গেছে। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধে তাঁদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া বাংলাদেশি কর্মী হাবিবুর রহমান জানান, আগুন লাগার সময় তিনি সেলুনে যাওয়ার জন্য কারখানার বাইরে ছিলেন। এ কারণে তিনি প্রাণে বেঁচে যান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম রাত দেড়টার দিকে জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

তিনি জানান, আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাত ১১টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

এর আগে রাত ১টার দিকে সৌদি দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বীর বরাত দিয়ে শরীফুল ইসলাম জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে মৃত্যুর প্রকৃত সংখ্যা তখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে স্থানীয় সৌদি কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
− 1 = 2