লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৩৪০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সমন্বিত উদ্যোগে তাদের স্বেচ্ছা প্রত্যাবাসন সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন এবং বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিতদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা তাদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন। এর মাধ্যমে মানবপাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা প্রদান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ অব্যাহত রয়েছে।

