Saturday, August 8

যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্মি ফাউন্ডেশন কলেজ (এএফসি)–এ নারী প্রশিক্ষণার্থীদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী বিদ্বেষী আচরণের গুরুতর অভিযোগ উঠে এসেছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ইয়র্কশায়ারের হ্যারোগেটে অবস্থিত এই প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে প্রশিক্ষণ নেওয়া অন্তত চারজন নারী অভিযোগ করেছেন, তারা ১৭ বছর বয়সে গণধর্ষণ, যৌন হয়রানি এবং অন্যান্য যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাদের দাবি, প্রতিষ্ঠানে নারী বিদ্বেষ ও যৌন সহিংসতার একটি উদ্বেগজনক সংস্কৃতি গড়ে উঠেছে।

তিলি (ছদ্মনাম) নামে এক সাবেক প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, সহকর্মী কয়েকজন জুনিয়র সেনা সদস্যের দ্বারা তিনি ঘণ্টার পর ঘণ্টা যৌন নির্যাতনের শিকার হন। ঘটনার দুই সপ্তাহ পর তিনি সেনাবাহিনী ছেড়ে দেন। তার অভিযোগ, ঘটনার পরও এক প্রশিক্ষক তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা ভুক্তভোগীর প্রতি অসহযোগিতাপূর্ণ মনোভাবের পরিচয় বহন করে।

আরেক সাবেক প্রশিক্ষণার্থী মনিকা (ছদ্মনাম) অভিযোগ করেন, এক সহকর্মী তাকে একটি কক্ষে আটকে যৌন নিপীড়নের চেষ্টা করে। তিনি কোনোমতে নিজেকে রক্ষা করে বেরিয়ে আসতে সক্ষম হন।

অ্যামি (ছদ্মনাম) নামে আরেক প্রশিক্ষণার্থীর মা জানান, তার মেয়ে প্রশিক্ষণকালজুড়ে নিয়মিত যৌন হয়রানির শিকার হন। এমনকি কক্ষের তালা নষ্ট থাকায় নিরাপত্তাহীনতার কারণে দরজার সামনে ঘুমাতে বাধ্য হতেন তিনি।

এলি (ছদ্মনাম) নামে আরেক সাবেক প্রশিক্ষণার্থীর অভিযোগ, কিছু স্টাফ সদস্য নারীদের নিয়ে অশালীন মন্তব্য করতেন, তাদের চেহারা নিয়ে নম্বর দিতেন এবং অনুমতি ছাড়াই ডরমিটরিতে প্রবেশ করতেন।

বর্তমানে এএফসিতে প্রায় ৮৮৯ জন প্রশিক্ষণার্থী রয়েছেন, যার মধ্যে অন্তত ৭০ জন নারী।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত কলেজটিতে অনুপযুক্ত যৌন আচরণের ১৭৬টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৩২টি অভিযোগ স্থায়ী স্টাফদের বিরুদ্ধে এবং ১৪৪টি অভিযোগ জুনিয়র সৈন্যদের বিরুদ্ধে।

একই সময়ে কয়েকজন সামরিক প্রশিক্ষক যৌন সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৩ সালে এক সহকর্মীকে ধর্ষণের দায়ে কর্পোরাল ড্যানিয়েল কনওয়েকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। একই বছরে কর্পোরাল সাইমন বার্ট্রাম যৌন নিপীড়নের দায়ে ২০ মাসের সামরিক আটকাদেশ পান।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, যৌন সহিংসতার অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সশস্ত্র বাহিনীতে এ ধরনের অপরাধমূলক আচরণের কোনো স্থান নেই। তিনি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ জানাতে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
− 4 = 4