Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর তিনি ভারতে চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ সময় তাঁর একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানানো হয়েছে।

নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সাবেক সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ভারতে অবস্থানকালে তিনি গণমাধ্যম এবং জনসম্মুখে উপস্থিত হওয়া থেকে বিরত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবাইদা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ-এর পরিচালক শাহ মো. বখতিয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া-র সভাপতি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (IAPC)-এর সভাপতি ড. ওয়াইয়েল আওয়াদ।

Leave A Reply


Math Captcha
21 − 15 =