আন্তর্জাতিক ডেস্ক |
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের নিকটে বন্দুকধারীদের গুলিতে অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ এবং পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলির ঘটনাটি সিয়াটল সেন্টার এলাকায় ঘটে, যেখানে ওই সময় একটি বৃহৎ খাদ্য উৎসব চলছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী উপস্থিত থাকতে পারে।
সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রয়েছে মাত্র দুই বছর বয়সী একটি শিশু, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আহতদের বাকি তিনজনের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনার পর পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। হামলাকারীদের কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
ঘটনার সময় সিয়াটল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছিল জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব। সপ্তাহান্তের এই আয়োজনটিতে শতাধিক খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গীত পরিবেশনার ব্যবস্থা ছিল। ফলে উৎসবস্থলে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল।
গুলির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কারণ এবং সম্ভাব্য হামলাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

