ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের পথরোধ করেছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অটোরিকশায় করে যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা দেওয়া একদল শিক্ষার্থীকে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়। পরে তাদের আর সামনে এগোতে দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেই অটোরিকশায় করে যন্তর মন্তরের দিকে রওনা দেন। কিন্তু মাঝপথে পুলিশ তাদের থামিয়ে দেয় এবং বিক্ষোভস্থলে যেতে বাধা দেয়।
এ বিষয়ে দিল্লি পুলিশের দাবি, এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর আওতায় ১৪৪ ধারা জারি রয়েছে। নিরাপত্তাজনিত কারণ এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই শিক্ষার্থীদের যন্তর মন্তরের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও একাধিক ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বড় ধরনের জমায়েত ঠেকাতে রাজধানীর বিভিন্ন প্রবেশপথেও নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় যন্তর মন্তরে চলমান বিক্ষোভ কর্মসূচি দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য হিন্দু

