অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে ইতালির রাজধানী রোমে একদল যুবক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানও লক্ষ করা গেছে। হামলাকারীরা বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন বলেও ভিডিওতে শোনা যায়।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণ ও প্রকাশের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ভ্রমণবিষয়ক কনটেন্টের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলার ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 6 = 8