আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। খাদ্যসামগ্রী ও পারিবারিক তাঁবুসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্যোগকবলিত আফগান জনগণের পাশে দাঁড়াতেই ভারত এই মানবিক সহায়তা প্রদান করেছে।
সংবাদ সংস্থা খামা প্রেসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন ও এর আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ পর্যন্ত বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
তালিবান-শাসিত আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইউসুফ হামাদ জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিশেষায়িত জরুরি উদ্ধার ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, বন্যার পানিতে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দারা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এ কারণে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে ত্রাণসামগ্রীগুলো আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তানে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়েছে। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চল নুরিস্তান প্রদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

