ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। এ সময় তিনি আহতদের কাছে ক্ষমা চেয়ে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপ বলেন, পুলিশের নৃশংস লাঠিচার্জে আহত এক তরুণী বর্তমানে দিল্লির আরএমএল হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত বিক্ষোভকারীদের, বিশেষ করে তরুণীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, “আহত সবাইকে আমি ক্ষমা চাইছি। আপনাদের আরও ভালোভাবে রক্ষা করার জন্য আমার কিছু করা উচিত ছিল। আমরা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও দাবি করেন, বিক্ষোভ চলাকালে বহু শিক্ষার্থী আহত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে আহতদের সঙ্গে কথা বলতে চান।

এর আগে হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারীদের খোঁজখবর নেন অভিজিৎ দীপ। তার অভিযোগ, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন, যার মধ্যে একজন তরুণীর অবস্থা গুরুতর।

তবে দিল্লির আরএমএল হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর কয়েকজন বিক্ষোভকারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, দিল্লি পুলিশ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, গীতাঞ্জলি নামে ১২ বছর বয়সী এক কিশোরীকে লাঞ্ছিত করা হয়েছে, তার চুল টেনে ধরা হয়েছে এবং কয়েক ডজন বিক্ষোভকারী গুরুতর মাথায় আঘাত পেয়েছেন—এ ধরনের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এদিকে, কথিত নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর মঙ্গলবার সংসদ মার্গ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

দিল্লি পুলিশের দাবি, সোমবারের বিক্ষোভ সহিংস রূপ নিলে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য আহত হন। এছাড়া সংঘর্ষের ঘটনায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 1