যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত বন্ধে স্বাক্ষরিত ১৪ দফার অন্তর্বর্তীকালীন চুক্তির পর যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে ইরান। দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধির কাজে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

তিনি বলেন, “আমরা যুদ্ধবিরতির এই সময়কে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করছি। এ ক্ষেত্রে আমরা একটি মুহূর্তও নষ্ট করব না বা কোনো অবহেলা করব না।”

একই সঙ্গে সম্ভাব্য যেকোনো সামরিক উসকানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। আক্রমিনিয়া বলেন, “শত্রুরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তারা অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর চূর্ণবিচূর্ণ ও নির্ণায়ক জবাবের মুখোমুখি হবে।”

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’ নামে ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া প্রায় ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালায়। এর পরই যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয় এবং বর্তমানে কূটনৈতিক আলোচনার পাশাপাশি উভয় পক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

Leave A Reply


Math Captcha
4 + 1 =