যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপনের রাতে নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, গতকাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী ছিল। ঐতিহাসিক এ দিবসের উদ্যাপনের রাতেই নিউইয়র্কে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

