Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প দুটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায়। এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

প্রথম কম্পনের কয়েক সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকার কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ভূমিকম্প দুটির ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সতর্কতা জারি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।

সরকারের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর কম্পন ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। এছাড়া প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও উদ্ধারকারী সংস্থাগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।

Leave A Reply


Math Captcha
3 + 1 =