সিডনি: অস্ট্রেলিয়ার সিডনির কুগি সৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত হওয়া ৩৪ বছর বয়সী লিয়া স্টুয়ার্ট এক সপ্তাহেরও বেশি সময় পর কোমা থেকে জেগে উঠেছেন। তার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ জুন সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হন লিয়া। হামলায় তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে সৃষ্ট কোমায় রাখেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ‘ইনডিউসড কোমা’ হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে বিশেষ ওষুধ প্রয়োগ করে রোগীকে সাময়িকভাবে গভীর অচেতন অবস্থায় রাখা হয়। গুরুতর আহত বা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সহজ করতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ পদ্ধতি ব্যবহার করা হয়।
লিয়ার ভাই জশুয়া স্টুয়ার্ট মঙ্গলবার জানান, চিকিৎসকরা ওষুধের মাত্রা কমিয়ে তাকে কিছু সময়ের জন্য জাগিয়ে তুলেছিলেন। জেগে ওঠার পর লিয়া তার মা ও সঙ্গীকে উদ্দেশ করে বলেন, “আমি তোমাদের ভালোবাসি।” এছাড়া তিনি তার মেয়ের খোঁজও নেন।
জশুয়া বলেন, পরিবারের প্রত্যাশার চেয়েও দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করে আসছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, লিয়ার একটি হাত কেটে ফেলতে হয়েছে। ইতোমধ্যে তার একাধিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সামনে আরও কয়েকটি অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত সপ্তাহে টানা পাঁচ দিন তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে, চলতি বছরে অস্ট্রেলিয়ায় হাঙরের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। জানুয়ারিতে মাত্র দুই দিনের ব্যবধানে চারটি হামলার ঘটনা ঘটে। এছাড়া গত মাসে কুইন্সল্যান্ড ও পশ্চিম অস্ট্রেলিয়ায় পৃথক দুটি প্রাণঘাতী হাঙর হামলায় দুইজনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং হাঙরের উপস্থিতি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

