ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চূড়ান্ত কোনো সমঝোতা না হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে টোল আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তাহলে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল আরোপ করা হতে পারে। এ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে জমা হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই অঞ্চলের দেশগুলোর সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনী বিপুল অর্থ ব্যয় করছে। সেই ব্যয়ের একটি অংশ পুনরুদ্ধারের লক্ষ্যেই এমন পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।
তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে আখ্যায়িত করে বলেন, বছরের পর বছর ধরে ওয়াশিংটন এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে সম্ভাব্য টোল আরোপের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি নিয়ে যেকোনো ধরনের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

