ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরও এক ভিডিও জার্নালিস্ট নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থল আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ নিহত হন বলে সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদকরা জানান, ড্রোন হামলায় আহমেদ উইশাহ নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত এপ্রিলে আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন বলে জানা যায়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। আইডিএফের ভাষ্যমতে, তিনি আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের ‘স্নাইপার অপারেশন’ সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ছিলেন।
তবে এই অভিযোগের পক্ষে ইসরায়েলি বাহিনী কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।
অন্যদিকে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২২০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক দায়িত্ব পালনকালেই প্রাণ হারান।

