Friday, November 6

ঘানা থেকে অস্ট্রেলিয়ায় প্রায় ৩২০ কেজি মেথামফেটামিন পাচারের চেষ্টার অভিযোগে ব্রিটিশ অভিনেত্রী এমা হুসেনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) তাকে সিডনির একটি আদালতে হাজির করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এমা হুসেন ব্রিটিশ টেলিভিশন সিরিজ ইস্টএন্ডার্স-এর স্পিন-অফ ই২০ এবং হলিউড তারকা জেসন স্ট্যাথামের ২০১৩ সালের অ্যাকশন চলচ্চিত্র হামিংবার্ড-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কন্টেইনার এক্স-রে স্ক্যান করার সময় সন্দেহজনক বিষয় ধরা পড়ে। কন্টেইনারগুলোতে কাঠকয়লা থাকার কথা থাকলেও সেগুলোর ভেতরে লুকানো অবস্থায় ৩২০ কেজি মেথামফেটামিন পাওয়া যায়।

জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ২০৮ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

পুলিশের তথ্য অনুযায়ী, সীমান্ত কর্তৃপক্ষ কন্টেইনারে মাদক শনাক্ত করার পর এপ্রিল মাসে বিশেষ অভিযান শুরু করে। অপরাধীদের শনাক্ত করতে চালান থেকে মাদক সরিয়ে ফেলে কন্টেইনারটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এমা হুসেন নিজেই সিডনির একটি গুদামে গিয়ে কন্টেইনার খোলার কার্যক্রম তদারকি করেন। পরে সেখান থেকে কয়েকটি ব্যাগ গাড়িতে তুলে অন্য একটি বাড়িতে নেওয়া হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ তার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং একটি নোটবুক জব্দ করে। এর আগে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আগামী আগস্টে তাকে আবার আদালতে হাজির করা হবে।

এদিকে একই মামলায় দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আরও এক নারী (৩০) ও এক পুরুষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহার করে মাদক সংরক্ষণের জন্য গুদাম ভাড়া নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কর্মকর্তারা বলেছেন, অপরাধী চক্রগুলো প্রায়ই কাঠকয়লার মতো সাধারণ পণ্যের আড়ালে মাদক পাচারের চেষ্টা করে। তবে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার কারণে এসব চোরাচালান শনাক্ত করা সম্ভব হয়েছে।

তবে মামলাটি এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

Leave A Reply


Math Captcha
36 − 35 =