নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৫)। তিনি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
ফোনে ডেকে এনে ছুরিকাঘাত
পুলিশ জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত সিয়াম ওরফে ইমন বিন্তিকে ফোন করে বাসা থেকে বের করে আনে। পরে হাজারীবাগ থানার চরকঘাটা এলাকার একটি পাকা সড়কে নিয়ে তার পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযান চালিয়ে গ্রেপ্তার, উদ্ধার আলামত
সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই হত্যাকাণ্ড
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করতেন এবং তাদের মধ্যে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটে এবং সিয়ামের সন্দেহ ছিল, বিন্তি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।
এ বিষয় নিয়ে কথা বলার জন্যই সিয়াম তাকে ডেকে আনে। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং সিয়াম ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।
পরিকল্পিত হত্যার প্রমাণ
ডিসি মাসুদ আলম জানান, সিয়াম হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সঙ্গে ছুরি নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হলে সে চরম পথ বেছে নেয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

