চট্টগ্রাম প্রতিনিধি |
চট্টগ্রামের খুলশী এলাকায় চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মোবিনুল ইসলাম (৩৬)। তিনি ডবলমুরিং থানায় কর্মরত রয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৮টার দিকে খুলশীর আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ১৭টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
হামলার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এসআই মোবিনুল ইসলাম গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, এসআই মোবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মিনি অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত অপর পুলিশ সদস্যের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, এর আগেও রাজধানী ঢাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চট্টগ্রামের এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

