Saturday, November 7

ইতালির উপকূলে একটি নৌকা থেকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অন্তত ৭১ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, যাত্রাপথে নৌকাটি বিপর্যস্ত হলে বহু যাত্রী সাগরে নিখোঁজ হয়ে যান।

মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস ও সি-ওয়াচ নামের দাতব্য সংস্থাগুলো জানায়, জীবিতদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়। পরে তাদের ইতালির দক্ষিণতম দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়।

ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবের্তো দে’আরিগো বলেন, উদ্ধার কার্যক্রমে লিবিয়া কোস্ট গার্ড নেতৃত্ব দেয়। তাদের সহায়তায় একটি ইতালীয় এবং একটি লিবিয়ান বাণিজ্যিক জাহাজ অংশ নেয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা পাকিস্তান, বাংলাদেশ ও মিসরের নাগরিক। তাদের ইতালীয় কোস্ট গার্ডের জাহাজে করে ল্যাম্পেদুসা বন্দরের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক মুখপাত্র বলেন, অভিবাসনপ্রত্যাশীরা একটি হালকা নৌকায় যাত্রা করেছিলেন, যা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত ছিল না। উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, অন্তত ৭০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

Leave A Reply


Math Captcha
83 − 77 =