ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের কাছে প্রস্তাব দেওয়া হবে।
প্রেস সচিব আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে। সম্ভাব্য এই আন্তর্জাতিক তদন্তে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে একই দিন শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা অংশ নেন।
এ সময় তারা বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা কর্মসূচি থেকে সরে যাবেন না।

