সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য চরম দুঃসংবাদ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে বাংলাদেশ। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ ও ক্রিকইনফো।
শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। বোর্ড সদস্যদের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি যেহেতু আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির হাতে আর কোনো বিকল্প ছিল না।
নিয়ম অনুযায়ী, ওই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলের কাছেও পাঠানো হয়েছে। এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তকে ঘিরে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।
মূলত নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির বোর্ড সভায় ১৪–২ ভোটে হেরে যাওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি’ (ডিআরসি)-র দ্বারস্থ হয়। তবে এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরই শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বাদ পড়ায় সুযোগ এসেছে স্কটল্যান্ডের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ হিসেবে তারাই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের নির্ধারিত স্লটেই খেলবে স্কটিশরা। যে ভেন্যুগুলোতে—কলকাতা ও মুম্বাই—বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, সেখানেই খেলবে স্কটল্যান্ড।
সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।

