Tuesday, November 10

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন।

বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

এর আগে, গতকাল মঙ্গলবার বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকেও স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ ও শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমনে আন্তর্জাতিক অঙ্গনে তার রাজনৈতিক গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
− 1 = 1