Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাবেক এমপি প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে।

এরই মধ্যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান এ কর্মসূচির ডাক দেন।

সাইফুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “শহীদ বীর শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের ধরা তো দূরের কথা, তারা দেশে আছে কিনা সেটাই ইন্টেরিম সরকার জানে না। অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলার ঘটনায় বাছবিচার ছাড়াই মানুষ গ্রেপ্তার করা হচ্ছে। এই নাটক অনেক দেখেছি, আর না।”

তিনি আল্টিমেটাম দিয়ে আরও লেখেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষ ধরার জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ দেশে পাঠাব না। লাউড অ্যান্ড ক্লিয়ার। ফুলস্টপ।”

সাইফুর রহমানের এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টটি বহু প্রবাসী শেয়ার করে সংহতি প্রকাশ করছেন।

তামিম রেজা নামে আরেক প্রবাসী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের সব প্রবাসীর পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়া হলো।”

এদিকে শাহবাগে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও সরকারের স্পষ্ট অবস্থান জানার দাবি জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
35 − = 27