গেল বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর লাগেজে ১৪ বোতল মদ পাওয়ার অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এর আগে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগ ছিল, লাগেজে মদ পাওয়ার পরও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে তাঁদের ছেড়ে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।
তবে সাম্প্রতিক পোস্টে অভিনেত্রী স্পষ্টভাবে জানান, তাঁকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি এবং তাঁর কোনো লাগেজ বা হ্যান্ডব্যাগ আটকানো হয়নি। তিনি বলেন, অভিযোগে উল্লিখিত কোনো বস্তু তাঁর লাগেজে পাওয়ার প্রশ্নই ওঠে না এবং বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদও করেননি।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাঁর লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এমন কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেউ দেখাতে পেরেছে কি না। তাঁর দাবি, কোনো প্রমাণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ক্লিকবেইট সংবাদ প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগজনক।
মেহজাবীন আরও বলেন, মানহানিকর এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার দেওয়া আরেকটি পোস্টেও তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। এমনকি একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হলেও আদালত থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

