
ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে নগরের কোতোয়ালী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। সার্বিয়া যাওয়ার আশায় তারা চক্রটির সদস্যদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবদুল মাবুদ জানিয়েছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন চক্রের সদস্যরা। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য তাদের জাল ভিসা দেওয়া হতো। এর আগেই হাতিয়ে নেওয়া হতো টাকা।
পরে ভুক্তভোগীরা বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশের যাচাইয়ে ভিসা জাল হিসেবে শনাক্ত হতো। এ সময় চক্রের সদস্যরা ভুক্তভোগীদের অন্য সমস্যা রয়েছে বলে জানিয়ে দায় এড়ানোর চেষ্টা করতেন।
ওসি আরও জানান, চক্রটির সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করে আসছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
