Monday, November 23

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি কোম্পানি, এসআরবি-২। রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

সিপিএসসি কোম্পানি, এসআরবি-২-এর কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জনৈক মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হাবিবুল ইসলাম রানা (৩২) নামের একজনকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই অভিযানে অপর তিনজনের কাছ থেকে ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী থানার গোরাঙ্গাল এলাকার মো. রতন শরীফের ছেলে মো. হাবিবুল ইসলাম রানা (৩২), একই জেলার কাঞ্চন কাজীর ছেলে মো. নাইম কাজি (৩২), ঝালকাঠির কাঠালিয়া থানার পশ্চিম চেচরি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) এবং ঢাকার নবাবগঞ্জ থানার উলাইল এলাকার নুর জামাল খানের ছেলে মো. তানজীন খান জিসান (৩২)। তাঁরা ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলি, নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫ পুরিয়া হেরোইন (ওজন ২৮০ গ্রাম) এবং তানজীন খান জিসানের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে হাবিবুল ইসলাম রানা ও নাইম কাজির বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রানার বিরুদ্ধে ২০২৬ সালের ১২ এপ্রিল মোহাম্মদপুর থানায় এবং নাইম কাজির বিরুদ্ধে ২০২৩ সালের ২২ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 2