খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডলে রাতের আঁধারে আবারও কালো কালি লেপন করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৬ নভেম্বর একই গ্রাফিতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে গ্রাফিতিটি পুনরায় আঁকা হয়। তবে ১৬ দিনের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
রোববার (২২ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালো কালি দেওয়া দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়। এরই অংশ হিসেবে রেলস্টেশনের দেয়ালে স্থান পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি। কিন্তু গত ৬ নভেম্বর কে বা কারা তাঁর মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেয়। একই দেয়ালে সাঁটানো হয় রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও।
এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে গ্রাফিতিটি আবারও আঁকা হয়। কিন্তু এবারও একইভাবে কালো কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়া হয়েছে। বারবার এমন ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা এ কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘আমি একটু আগে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা দেখে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।’

