Saturday, November 21

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মাহিন সরকারের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। তবে বাড়িতে তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার পর মাহিন সরকার নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন উল্লেখ করে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।

Leave A Reply


Math Captcha
− 7 = 2