কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ শহর। এর মধ্যে সকাল থেকে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ, দোকানপাট ও মার্কেট বন্ধ থাকায় এবং বিভিন্ন সড়কে অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকালে শহরের প্রধান সড়কগুলোয় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে প্রায় সব দোকানপাট ও মার্কেট। শহরের বিভিন্ন স্থানে সড়কের ওপর আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা গেছে কয়েকজন কিশোরকে।
এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক ও পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন লকডাউন সমর্থকেরা। বুধবার রাত থেকেই গুরুত্বপূর্ণ এসব সড়কে অবরোধ চলছে।
লকডাউনের প্রভাবে এমনিতেই শহরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাইরে বের হওয়া মানুষ আরও ভোগান্তিতে পড়েছেন।
শহরের সাধারণ সড়কগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। তবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জ প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

