আজ ১৫ নভেম্বর বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনা জেলার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল বারী সিদ্দিকী। বাঁশির সুর ও দরদভরা কণ্ঠে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীকে জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন সংগীতাঙ্গনের মানুষ ও অসংখ্য ভক্ত।
শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা বারী সিদ্দিকীর সংগীতজীবনের ভিত্তি ছিল বেশ মজবুত। মাত্র ১২ বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তাঁর আনুষ্ঠানিক সংগীতশিক্ষা শুরু হয়। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষসহ অনেক গুণী শিল্পীর কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেন তিনি।
আশির দশকে বাঁশির প্রতি বিশেষভাবে অনুরক্ত হয়ে পড়েন বারী সিদ্দিকী। এ সময় ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে বাঁশির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বংশীবাদক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বিরল সম্মান অর্জন করেন এই শিল্পী।
মূলত বংশীবাদক হিসেবে পরিচিত হলেও কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় নব্বইয়ের দশকের মাঝামাঝি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন বারী সিদ্দিকী। ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে গান পরিবেশন করেন তিনি। এরপর ১৯৯৯ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তাঁর গাওয়া গানগুলো রাতারাতি দেশজুড়ে জনপ্রিয়তা পায়।
বারী সিদ্দিকীর কণ্ঠে উকিল মুন্সির লেখা ও নিজের রচিত অসংখ্য গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। এর মধ্যে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘রজনী হইস না অবসান’ ও ‘মানুষ ধরো মানুষ ভজো’ উল্লেখযোগ্য।
লোকসংগীতের চর্চা ও প্রসারে নেত্রকোনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কারলি গ্রামে ‘বাউল বাড়ি’ নামে একটি আশ্রম গড়ে তুলেছিলেন বারী সিদ্দিকী। ২০১৭ সালের ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। তাঁর সুর ও গান আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে অমলিন।

