Tuesday, November 10

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন—সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব, তা তাঁরা জানেন না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও তাঁদের জানা নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে, রাজপথে সক্রিয় হয়ে আওয়াজ তুললে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

বিরোধী দলের প্রতি অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’

Leave A Reply


Math Captcha
− 4 = 2