Monday, November 9

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরতে শুরু করেছেন। তাঁদের অনেকে কলকাতায় জড়ো হচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে একই সময়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে পশ্চিমা বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা একে একে ভারতে আসছেন। সম্প্রতি পশ্চিমা দেশগুলো থেকে বেশ কয়েকজন নেতা কলকাতায় পৌঁছেছেন। তাঁদের বাইরে আরও অনেকে বিভিন্ন দেশ থেকে হাসিনার দেশে ফেরার দিনই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে গ্রেপ্তার কিংবা মৃত্যুদণ্ড—যে পরিণতিই হোক, তা মেনে নিতে প্রস্তুত বলেও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি নভেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে লন্ডন থেকে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার দিনক্ষণ ও রোডম্যাপ ঘোষণা করতে পারেন।

Leave A Reply


Math Captcha
7 + 3 =