Thursday, November 5

বোট ক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার সময় ‘ব্যাড টাচের’ অভিযোগ তুলে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। এ সময় ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ১০ ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করতে আদালতে আসেন পরীমনি। তাঁর সঙ্গে ছিলেন ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। পরে সকাল ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে উপস্থিত হলে জামিন শুনানি শুরু হয়। এ সময় এজলাসের ভেতরে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়াসহ বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাঁর দেহরক্ষীরা বলে অভিযোগ রয়েছে। সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গেও তাঁরা খারাপ আচরণ করেন বলে জানা গেছে।

শুনানিতে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তাঁর জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে বেলা ১২টার দিকে আদালত থেকে বের হন পরীমনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।

গাড়িতে ওঠার সময় একজন তাঁর শরীরে ‘ব্যাড টাচ’ দিয়েছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ নিয়ে এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ফোনটি ফেরত দেওয়া হয়।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন।

আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল আবেদনের বিরোধিতা করেন। তিনি জামিন বাতিলের আবেদন জানিয়ে বলেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন, এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ এ মামলা করেন। এতে পরীমনি ছাড়াও তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়। ২০২৫ সালের ২৬ জুন মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই দিন পরীমনি আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন। পরে তাঁরা নাসির উদ্দিনকে আকৃষ্ট করাসহ বিনা মূল্যে মদের বোতল নিয়ে যেতে চান। এতে রাজি না হওয়ায় পরীমনি ক্লাব ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, রাত সোয়া ১টার দিকে নাসির উদ্দিন ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাঁকে উদ্দেশ্য করে ডাক দেন। একপর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং ব্লু লেবেল অ্যালকোহলের একটি বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন। পরে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি নাসির উদ্দিনের দিকে একটি সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির নাম উল্লেখ করে সাভার থানায় মামলা করেন পরীমনি। এ ছাড়া পরীমনির বিরুদ্ধে মাদক মামলাও হয়েছিল।

Leave A Reply


Math Captcha
80 − 75 =