দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামছে চলতি নভেম্বর মাসেই। ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হবে এই সিজন। শেষ পর্বে দর্শকদের জন্য বেশ কিছু চমক থাকছে বলে জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। অমি জানান, শেষ চ্যাপ্টারে দর্শকদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশার প্রতিফলন থাকবে।
সম্প্রতি অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভুগেছেন এই নির্মাতা। দাঁত ও গলার সমস্যায় কয়েক দিন কথাও বলতে পারেননি তিনি। তবে বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভিডিও বার্তায় অমি নিজেই জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং গলার সমস্যাও কমেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তি নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই (নভেম্বর) রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে প্রকাশ করা হবে, তা এখনো জানাননি নির্মাতা।
অমির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ভিডিও বার্তা প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়ায় পাঁচশ এবং ওই সময়ের মধ্যে ভিডিওটির ভিউ হয় প্রায় এক লাখ।
মন্তব্যে কেউ ‘রোকেয়া’ চরিত্রটিকে আবার দেখতে চেয়েছেন, কেউ আগ্রহ দেখিয়েছেন ‘শিমুল’কে নিয়ে। আবার অনেক দর্শকের প্রশ্ন, পঞ্চম সিজনের পর আসবে কি ষষ্ঠ সিজন? তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেননি অমি।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেক অভিনয়শিল্পী।

